# সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2/
- Published: ২০২৬-০৫-০৪T১৪:০৪:২৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে
জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের
জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট
অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতির
এই পরিবর্তনের কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় ঝড়ের আভাস, হতে পারে বজ্রবৃষ্টি

বিশেষ করে এসব অঞ্চলের নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার এই বিশেষ সতর্কতা 
মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ অন্যান্য নদীবন্দরগুলোর জন্য আপাতত
বিশেষ কোনো সতর্কবার্তা না থাকলেও উল্লিখিত অঞ্চলগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল
সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ,
ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের
দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি
ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে।
