# সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f/
- Published: ২০২৬-০৭-২০T১৩:২৪:১০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঢাকা মহানগরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে
ট্রাফিক কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 
এ উদ্যোগের অংশ হিসেবে নীরব এলাকাগুলোতে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বাড়ানো
এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব
করতে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়
সভায় সভাপতিত্ব করেন তিনি। এ সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন
বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত
আলোচনা হয়। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের
বিষয়ও তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি
গুরুতর হুমকি। তাই নীরব এলাকায় সুস্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে
অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।’

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
