# সংসদের দক্ষিণ প্লাজায় অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85/
- Published: ২০২৬-০৩-৩০T১৫:০৯:২৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের
জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন,
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়।

দিলারা হাফিজ গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক
মেয়ে রেখে গেছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে
দিলারা হাফিজকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে
চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ডও
গঠন করা হয়।

দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ 
আবুল হোসেন চৌধুরী ও মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল নিয়ে দিলারা হাফিজ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও একই বিশ্ববিদ্যারয় থেকে স্নাতকোত্তর
ডিগ্রি লাভ করেন তিনি।

দিলারা হাফিজের কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে
তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম
ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের
দায়িত্ব পালন করেন তিনি।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের ডেপুটি স্পিকার, চিফ
হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।
