# শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-১১-১২T১১:৩৪:৪৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের
শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। দলের জয়ে
গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব।

বুধবার রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই
উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায়
বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।

বাংলাদেশের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার মাত্র ৮মিনিটে হামজা গোলের
আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ 
করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের
গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারি তখন গোলের আনন্দে মাতে।

খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের বাড়ানো পাস বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি
পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার
শরীরে লেগে বল জালে জড়িয়েছে। সেই গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে আর কোনো গোল 
হয়নি।

বিরতি থেকে ফিরে ৫৩মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে
বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান
তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলংকার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে
ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে
গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই খুব ভালো খেলেন রাকিব। দুর্দান্ত কিছু ক্রসও বাড়িয়েছেন, কিন্তু 
সেগুলো আর গন্তব্য খুঁজে পায়নি। খেলার একিবারে শেষ দিকে তার শট জাল খুঁজে পেল। ৮৭ মিনিটে
বক্সের বেশ খানিকটা বাইরে বল পাওয়ার পর তিনি দৌড়ে পেছনে ফেলেন একজনকে। এরপর তার সামনে
ছিলেন শুধু গোলকিপার সুজন পেরেরা। চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান রাকিব। 
অসাধারণ এই ফিনিশিংয়ের মাধ্যমেই শেষ হয় বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি।
