# শেয়ারবাজারে বড় উত্থান, ২৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-১০T১৮:১২:২৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলেও তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০
নভেম্বর) ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান
নাম লেখানোর পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে ২৭ কার্যদিবস
এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে।
ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। লেনদেনের শেষ পর্যন্ত বেশিরভাগ
প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষদিকে দাম বাড়ার
প্রবণতা আরও বাড়ে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান দিয়েই
দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার
তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫২টির
দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে
১৪২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ২৯টির দাম কমেছে এবং ২১টি দাম অপরিবর্তিত রয়েছে।
মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
বিপরীতে ৮টির দাম কমেছে এবং ৩টি দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে
৬৫টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ৭টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ৯টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত
রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩
পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো
৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ 
পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে অবস্থান
করছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে
৬৫৮ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৫৪ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে 
আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। এর মাধ্যমে ১ অক্টোবরের
পর ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হলো। ১ অক্টোবর লেনদেন হয় ৭২৩ কোটি ১১ লাখ টাকা। এরপর
আর সাতশো কোটি টাকার লেনদেনের দেখা যায়নি।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি
৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলের শেয়ার 
লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ টাকার। ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয়
স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এনভয় টেক্সটাইল,
ডরিন পাওয়ার, কর্ণফুলি ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো
রিফুয়েলিং স্টেশন এবং বেক্সিমকো।

অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার 
ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৪০টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৮০ লাখ
টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
