# শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১০T১৪:০৩:৪৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ায়
কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হলে তাকে ফেরানোর
ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা পাসপোর্টের জন্য এখনো কোনো আবেদন করেননি জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিতে
বাংলাদেশের প্রেস মিনিস্টার এর আগে জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা
নিজে কোনো আবেদন করেননি।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতে একটা ব্রিফিং হয়, আপনারা জানেন। সেখানে শেখ হাসিনার
এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়েছিল। তো একাধিকবার সেখান থেকে বলা হয়েছে, এটার সঙ্গে 
লিগ্যাল ইস্যুজ আছে। তার মানে ব্যাপারটা এই রকম আমরা ওনাকে এক্সট্রাডাইট করতে চাই, 
ওনাকে ধরে আনতে চাই।

তিনি বলেন, উনি এত মানুষ খুন করেছেন, কথাটা কিন্তু এই রকম না। আমি রিপিট করি, উনি এত
মানুষ খুন করেছেন, করিয়েছেন, কথাটা এই রকম না। একশ খুন, পাঁচশ খুন এক জিনিস। আর ক্রাইম
এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি
আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।

জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বিষয় থাকলে সেটি আদালতে যাওয়ার পর
প্রক্রিয়া চলতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে সেই আইনি প্রক্রিয়ার
জটিলতা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি 
বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। ওনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন
নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা
দেখি না।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী 
অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। এ প্রসঙ্গে
তিনি বলেন, আমাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে যারা অভিযুক্ত আছেন, তাদের জন্য অনেক
ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না। সেটা আছে।

তিনি আরও বলেন, আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত
সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার 
কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু 
আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ভারতের 
সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং 
তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে
হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর
উপদেষ্টা বলেন, আমাদের কনভিকশনের আছে এবং সেটাকে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে
চেয়েছি। এখন এটার যে প্রসেস আছে, হবে।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে সরকার শুধু ফলাফল নয়, প্রক্রিয়াকেও গুরুত্ব দিচ্ছে বলে
জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমাদের কাছে সেটা ম্যাটার করে।
বাংলাদেশের কাছে এটা ম্যাটার করে, কারণ হচ্ছে, আমাদের একজন মারাত্মক অপরাধী, কনভিক্টেড
আসামি, তিনি জেলে আছেন, জেলে যাওয়ার কথা, তারপর তো বিচার হওয়ার কথা। তিনি পালিয়ে আছেন।
সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, আমরা সেই প্রসেসটাই পেতে চাই। সেই প্রসেসটাই।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যর্পণের অধিকার রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী
দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান
বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি স্পষ্ট করেছেন। একটি আইনজীবী
প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হলেও শেখ
হাসিনা নিজে আবেদন করেননি।

তিনি বলেন, একটা চিঠি পেয়েছেন ফ্রম এ ল ফার্ম, যারা বলছেন তাকে এটা দেওয়ার ব্যবস্থা
নেওয়া উচিত। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশন করার ব্যাপারে অবস্থান
সরকার থেকে অলরেডি জানানো হয়েছে, কিন্তু তিনি এখনো অ্যাপ্লিকেশনই করেননি। সুতরাং এই
আলোচনাটা আসলে এখানে আর প্রয়োজন নেই।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ
অনুলিপি প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত রায়
প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে ওই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ
রায় প্রকাশিত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।

সংবাদ সম্মেলনে কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে
চাওয়া হলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার কোনো তথ্য জানে না। তাই প্রতিক্রিয়া 
জানানোরও কিছু নেই।

শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে 
কি না? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তারা চেষ্টা করতে পারেন। 
তবে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে না।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল লক্ষ্য কি না? এমন প্রশ্নের জবাবে 
তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের উদ্দেশ্য। তবে কীভাবে
তাকে ফিরিয়ে আনা হবে, সেটিও সরকারের কাছে গুরুত্বপূর্ণ।
