# শিক্ষাখাতে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1/
- Published: ২০২৫-০৮-০৪T১২:১৩:১২+০৬:০০
- Author: Z News

কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং বাংলাদেশ
সরকার ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এডিবির এই অর্থ কর্মসংস্থানের
সুযোগ বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে ব্যয় হবে।

এডিবির জানিয়েছে, এই কর্মসূচিতে যান্ত্রিক, ইলেকট্রনিকস এবং বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি আইসিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষিসহ পাঁচটি প্রযুক্তি খাতকে অগ্রাধিকার
দেওয়া হবে। উদ্যোগটি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা
রাখবে।

নতুন এই প্রকল্পের আওতায় সারাদেশে টিভিইটি শিক্ষক ও প্রশিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের
ব্যবস্থা করা হবে। বিশেষ করে ঢাকার বাইরে সুবিধাবঞ্চিত শিক্ষকদের কাছে প্রযুক্তিনির্ভর
প্রশিক্ষণ পৌঁছে দেওয়া হবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা
আরও দক্ষ হবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের পর অন্তত ১০ হাজার নতুন ও বর্তমান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করতে
পারবে জানিয়ে এডিবি বলছে, প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর এই প্রকল্পের ইতিবাচক
প্রভাব পড়বে।
 জেড নিউজ, ঢাকা।
