# শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4/
- Published: ২০২৬-১১-২৩T১১:০৪:১০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায়
১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার
করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩
কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার
করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের 
এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়।
ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর
সব লাগেজ স্ক্যান করা হয়।

শরীরে কোনো অবৈধ বস্তু লুকানো আছে কি না, তা যাচাই করতে তাঁকে স্ক্যান করা হলে নিজের
কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন ওই যাত্রী। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন 
গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো
ধাতব বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি
স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ
টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস
গোয়েন্দা।
