# শনিবার থেকে যেন সব কারখানা চালু হয়, সেটিই আমাদের সবার প্রত্যাশা: শ্রমমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-২৬T১৭:৩৬:২৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শনিবার থেকে বাংলাদেশের সব কারখানা
যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হয়, সেটিই আজকের দিনে সবার প্রত্যাশা। প্রধানমন্ত্রীও
এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যত দিন পৃথিবী
থাকবে, তত দিন সমস্যা থাকবে। আজ যে সমস্যা তৈরি হয়েছে, আগামীকাল তা থাকবে না, এমন নয়।
তাই হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। শ্রমিকদের
যেমন কথা বলার অধিকার আছে, তেমনি সরকারেরও তা শোনার দায়িত্ব রয়েছে। সরকারের সামর্থ্য
অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, এত অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন এবং বোর্ডের সিদ্ধান্ত
গ্রহণ সম্ভব হয়েছে শ্রমিকনেতৃবৃন্দ ও মালিকপক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে। আমি বলব,
তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। সত্যিকার অর্থে শ্রমিকেরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন
করেছিলেন, মালিকপক্ষও এর বিরোধিতা করেনি। বরং কীভাবে বিষয়টি একটি সুশীল পরিবেশে নিয়ে
আসা যায়, সেটি তারা চিন্তা করেছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময় কিছু ইস্যু তৈরি হয়।
কিছু মানুষ বিভিন্ন কথা বলেন। নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা শূন্যতা তৈরি হয়। আমার মনে
হয়, এগুলো গণতান্ত্রিক চর্চারই অংশ। আমি দেখেছি, অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ 
আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত রাত ১টা-২টা পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা
করেছেন। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
