# লক্কড়ঝক্কড় বাসের বিরুদ্ধে ডিএমপির অভিযান শুরু

- Link: https://znews.news/%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6/
- Published: ২০২৬-০৫-০৭T১৬:৪১:১৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ
অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা
নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে চলাচলরত কিছু লক্কড়ঝক্কড় বাস
ও পণ্যবাহী যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি
করছে।

এতে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ
যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ড
ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর। এই সীমা অতিক্রম করা যানবাহন
রাজধানীতে না চালানোর জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে। এ নির্দেশনা
অমান্য করলে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে
সতর্ক করেছে ডিএমপি।
