# রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১৯T১৮:১২:০৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে 
বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা
হয়েছে, রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই দেশটির নিরাপত্তা
বাহিনী পরিকল্পিতভাবে বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। অর্থাৎ, আদালতের ৯
জন বিচারক মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন।

গণহত্যার প্রমাণ সরাতে মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এবং বুলডোজার চালিয়েছে বলে
জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। বলেছেন, মিয়ানমার
মৃতদেহ পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে সেগুলো সরিয়ে ফেলে ব্যাপকভাবে প্রমাণ ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময়
সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন 
আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া জানিয়েছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে
মিয়ানমারের কর্মকাণ্ডের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট
পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ক্ষতিপূরণের পরিমাণ হতে হবে ক্ষয়ক্ষতির অনুপাতে। তবে কত টাকা ক্ষতিপূরণ 
দিতে হবে এবং কীভাবে তা দেওয়া হবে, তা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা
হবে।

বিচারক আরো জানান, এই রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে
হবে। এতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তার বিস্তারিত তুলে
ধরতে হবে। গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারকে গণহত্যাসহ দণ্ডনীয় কর্মকাণ্ডের
শিকার সব রোহিঙ্গা ভুক্তভোগীকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে।

ওয়াসাওয়া ইউজি বলেন, যেসব স্থানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো হয়েছিল, মিয়ানমার
সেসব স্থান পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। যার ফলে ২০১৭ সালে
ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত চালানো বাধাগ্রস্ত হয়েছে। বিচারক জানান, আদালত
মনে করে যে ফেসবুকের মাধ্যমে সামরিক বাহিনীর কিছু বার্তা ‘অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি
গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।’

ইওয়াসাওয়া ইউজি বলেন, ‘২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট
প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার
জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের
ভিত্তি গড়ে তুলেছিল।’

সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০
হাজার মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের
পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের
বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।

২০১৭ সালের নির্মূল অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার
রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে তথ্য পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত(
আইসিজে)।

আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি ‘এই সংখ্যাকে নিঃসন্দেহে উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো
হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের
বিচারকেরা।
