# হাসনাত ও সারজিস জুলাই গণঅভ্যুত্থানের মীর জাফর’

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১৪T১২:৪৩:৪৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর
বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান। একই সঙ্গে গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহ
ও সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, গণঅভ্যুত্থানের ইতিহাস লেখা
হলে এই দুজনের নাম ‘মীর জাফর’ হিসেবে উঠে আসবে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক
ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত ও সারজিসের ভূমিকা নিয়ে রাশেদ খান বলেন, ১৯ জুলাই, গণঅভ্যুত্থানে যেদিন সবচেয়ে
বেশি মানুষ শহীদ হয়েছেন, সেদিন তারা শেখ হাসিনার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। শহীদের
রক্ত মাড়িয়ে তারা বৈঠক করেছেন। এটি কি মিথ্যা? যে সময় নাহিদ ও আসিফ ডিবি কার্যালয়ে 
নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস সেখানে জুস খাচ্ছিলেন।

তিনি বলেন, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ডে। যারা সেখানে ছিলেন, আমি সবার
সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। সেখানে সব তথ্য-
উপাত্ত সংগ্রহ করে এসব তথ্য পেয়েছি।

রাশেদ খান আরও বলেন, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন, পুকুরপাড়ে বসে হাসনাত
ও সারজিস জুস খেতেন কি না। নাহিদ ইসলাম কেন এখনো গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে 
আনছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা
হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছেন
না? কারণ, নাহিদ ইসলাম সঠিক ইতিহাস হাজির করলে গণঅভ্যুত্থানের ইতিহাস রচনা করলে মীর
জাফর হিসেবে হাসনাত ও সারজিসের নাম আসবে।

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ
করে রাশেদ খান বলেন, আমি বারবার বলব, গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস। এ বিষয়ে
তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খানের অভিযোগ, নাহিদ ও আসিফকে যখন গুম করা হয়েছিল কিংবা তারা ডিবি হেফাজতে ছিলেন,
তখন ডিজিএফআইয়ের গাড়িতে করে হাসনাত ও সারজিস কারফিউ পরিস্থিতি পরিদর্শন করে বেড়াতেন।

তিনি বলেন, এগুলো একটাও মিথ্যা ইতিহাস না। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা যদি প্রমাণ
করতে পারেন রাশেদ খান কোনো কিছু মিথ্যা বলছেন, আইন-আদালত রয়েছে। আমি যা কিছু বলি, তথ্য-
যুক্তি দিয়ে বলি।
