# রাজধানীতে প্রতিদিন ৩৭টি সংসার ভাঙছে: দুই শীর্ষ আলেমের জরুরি সতর্কবার্তা

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a7%a9%e0%a7%ad%e0%a6%9f%e0%a6%bf/
- Published: ২০২৫-১২-০৮T১৩:০৯:৩৪+০৬:০০
- Author: znews

ঢাকায় প্রতিদিন তালাকের মাধ্যমে ভেঙে পড়ছে সংসার- এই উদ্বেগজনক তথ্য সামনে রেখে দেশের
দুই প্রখ্যাত ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ তালাকের ভয়াবহ 
সামাজিক পরিণতি ও এর বিকল্প পথ নিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছেন।

শুধুমাত্র রাজধানী ঢাকাতেই প্রতি বছর ১,৪০০-এর বেশি তালাক নিবন্ধিত হয়।
 সাম্প্রতিক
এক জরিপে উঠে এসেছে, রাজধানীতে প্রতিদিন প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটছে।

এই ভাঙনের পেছনে পশ্চিমা ভোগবাদী দর্শন, পারস্পরিক অবিশ্বাস, সন্দেহপ্রবণতা, একে অপরের
হকের প্রতি উদাসীনতা এবং অবৈধ সম্পর্ককে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা।

**বিচ্ছেদ কোনো সমাধান নয়: মিজানুর রহমান আজহারী**

এক ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, ‘বিচ্ছেদ কোনো সমাধান নয়, বরং স্বস্তির
আবরণে মোড়া দীর্ঘ অনুতাপ ও অন্তহীন আত্মিক যন্ত্রণার সূচনা।’ তিনি সমস্যা সনাক্ত করে
যৌক্তিক সমাধানের পথে হাঁটার ওপর জোর দেন।

আজহারী সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করে বলেন, ‘শয়তান খুব খুশি হয় যখন কোনো ঈমানদারের
সুখী দাম্পত্য জীবন ভাঙতে পারে।’ হাদিসে বর্ণিত আছে, শয়তান তার অনুচরদের মধ্যে তাকে
বিশেষ মর্যাদা দেয় যে কারো দাম্পত্য জীবন ধ্বংস করতে সক্ষম হয়।

**ভাঙার আগে শতবার ভাবুন: শায়খ আহমাদুল্লাহ**

একইভাবে শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘তালাক কোনো প্রশংসনীয় কাজ নয়; বরং নিরুপায়
অবস্থায় একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার শেষ উপায়।’ তিনি জোর দেন, ‘ভাঙার আগে 
একবার নয়, শতবার ভাবা উচিত- সংশোধনেই সমাধান, বিচ্ছেদে নয়।’
 তিনি সতর্ক করে দিয়ে বলেন,‘
তালাকের নির্মম বলি হয় সন্তানরা। বাবা-মার বিচ্ছেদের মানসিক আঘাত তারা সারাজীবন বয়ে
বেড়ায়।’

শায়খ আহমাদুল্লাহ তরুণদের উদ্দেশে বলেন, ‘আজ হয়তো মনে হচ্ছে একা থাকাই স্বস্তির, কিন্তু
এই তারুণ্য স্থায়ী নয়। বার্ধক্যে যখন একলা বিছানায় অসুস্থ হয়ে কাতরাবেন, তখন পাশে মাথায়
রাখার মতো একটি ভালোবাসার হাতও পাবেন না।’

মিজানুর রহমান আজহারী তাঁর বক্তব্য শেষ করেন এই দোয়ার মাধ্যমে- ‘আল্লাহ আমাদের ঘরগুলোকে
সাকিনায় (শান্তি ও প্রশান্তি) ভরপুর করে দিন।’ অন্যদিকে শায়খ আহমাদুল্লাহ সবার জন্য
তাঁর পরামর্শ হলো- ‘সংসার ঠিক মাটির হাঁড়ির মতো; গড়তে সময় লাগে, ভাঙতে লাগে এক মুহূর্ত।
ভাঙার পরই বোঝা যায়, এটিই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল।’
