# রাজধানীতে দেখা মিলেছে সূর্যের, বাড়তে পারে তাপমাত্রা

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%82/
- Published: ২০২৬-০৭-১৪T১৩:১০:০১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

কয়েক দিনের টানা বৃষ্টির পর রাজধানী ঢাকায় সূর্যের দেখা মিলেছে। মানুষের মাঝে কিছুটা
স্বস্তি ফিরেছে। মঙ্গলবার সকাল থেকেই রোদের দেখা মেলায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে
পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে
বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও
কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত
হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি
সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা
ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৬ ডিগ্রি সেলসিয়াস।

ভ্যাপসা গরম প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলেন, বাতাসে প্রচুর জলীয়বাষ্প আছে, তবে এটা বৃষ্টি
হওয়ার মতো নয়। এটা আরও ঘনীভূত হলে বৃষ্টি হতে পারে। জলীয়বাষ্পের কারণে গরমের অনুভূতি
বেশি হচ্ছে।

চলতি মাসে আরও অন্তত দুবার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে পরশু বৃহস্পতিবার এবং 
পরে ২৪ তারিখ থেকে দুই দফায় লঘুচাপের সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদেরা। তবে এর প্রভাবে
অন্তত গত সাত দিন যে বৃষ্টি হলো, তেমনটা হওয়ার সম্ভাবনা কম।
