# রাগ করলা’ ট্রেন্ডে মজেছেন শাকিব খানও!

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/
- Published: ২০২৬-০৫-২০T১৪:৩৩:০৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :**

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে এখন ব্যাপক ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ। ফেসবুকের
ক্যাপশন, কমেন্ট থেকে শুরু করে মিম— সবখানেই ঘুরে ফিরছে এই ডায়ালগ।

সাধারণ নেটিজেনদের পাশাপাশি এবার সেই ট্রেন্ডে যোগ দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও!

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভাইরাল সংলাপ
ব্যবহার করে একটি মজার পোস্ট শেয়ার করা হয়।

সেখানে অভিনেতার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায়
আছে সবাই; কথা ঠিক না বেঠিক?’ আর সেই ছবিটির মধ্যে লেখা রয়েছে, ‘ কী রাগ করলা!’

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করছেন, শাকিবের আসন্ন
সিনেমার প্রচারণার অংশ হিসেবেই জনপ্রিয় এই ট্রেন্ডকে কাজে লাগানো হয়েছে।

মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘রাগ করলা’ সংলাপটির
জনপ্রিয়তা শুরু।

ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা নিয়ে এক কন্টেন্ট ক্রিয়েটর রাস্তার এক যুবকের ভাগ্য গণনা
করছেন। কথা বলার সময় প্রতিটি বাক্যের শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করছেন, ‘
রাগ করলা?’

ভিডিওটির অদ্ভুত উপস্থাপনা ও কনটেন্ট ক্রিয়েটরের কথার ধরন নেটিজেনদের কাছে দ্রুতই হাস্যরসের
খোরাক হয়ে ওঠে। এরপর থেকেই শুরু হয় মিম বানানোর প্রতিযোগিতা।

কেউ অফিসের বসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণের
সঙ্গে তুলনা করছেন সেই কনটেন্ট ক্রিয়েটরের।

এবার সেই ভাইরাল ট্রেন্ডে শাকিব খান যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন
আরও বেড়ে গেছে।
