# রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি মিলছে না ব্যাখ্যা

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad/
- Published: ২০২৬-১১-১২T১৩:৫০:২৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

মহাকাশে অস্বাভাবিক আচরণ করছে ছোট একটি গ্রহাণু। কোনো স্পষ্ট কারণ ছাড়াই এর গতি বাড়ছে।
শুধু মহাকর্ষের প্রভাবে এমনটি হওয়ার কথা নয়। বিজ্ঞানীরাও এখন পর্যন্ত এর সঠিক ব্যাখ্যা
খুঁজে পাননি।

গ্রহাণুটির নাম ১৯৯৮ কেওয়াই২৬। এর আকার মাত্র ১১ মিটার বা প্রায় ৩৬ ফুট। ছোট এই গ্রহাণুটি
অত্যন্ত দ্রুত নিজের অক্ষের চারপাশে ঘুরছে। একবার ঘুরতে সময় নিচ্ছে মাত্র ৫ দশমিক ৩৫
মিনিট।

সম্প্রতি বিজ্ঞানীরা এর গতিতে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করেন। তারা দেখেন, গ্রহাণুটি
প্রত্যাশিত গতিপথ থেকে সরে যাচ্ছে। একই সঙ্গে এর গতি বাড়ছে। কিন্তু শুধু মহাকর্ষ দিয়ে
এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না।

সাধারণত এমন ঘটনা ঘটলে বিজ্ঞানীরা ‘ডার্ক কমেট’-এর সম্ভাবনা বিবেচনা করেন। এ ধরনের 
মহাজাগতিক বস্তুতে বরফ থাকতে পারে। সূর্যের তাপে সেই বরফ গ্যাসে পরিণত হয়। পরে গ্যাস
বেরিয়ে এসে ছোট রকেটের মতো ধাক্কা দেয়। এতে গ্রহাণুর গতি ও গতিপথ পরিবর্তিত হতে পারে।

তবে ১৯৯৮ কেওয়াই২৬-এর ক্ষেত্রে এই ব্যাখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে। বৈজ্ঞানিক সাময়িকী ‘
ইকারাসে’ প্রকাশিত গবেষণায় গ্রহাণুটির তাপমাত্রা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে,
এর পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি। ফলে ভেতরে থাকা বরফ দীর্ঘদিন টিকে থাকা কঠিন।

গবেষকদের মতে, বরফ থেকে অতিরিক্ত গ্যাস বেরিয়ে এলে গ্রহাণুটির নিচে বরফ সংরক্ষিত থাকার
কথা নয়। তাই গ্যাস নির্গমনের কারণে এর গতি বাড়ছে—এমন ধারণা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

এখন বিজ্ঞানীরা অন্য সম্ভাবনাও খতিয়ে দেখছেন। এমনকি বস্তুটি প্রযুক্তিগতভাবে তৈরি কি
না, সেই প্রশ্নও উঠেছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গ্রহাণুটির রহস্য উদ্ঘাটনে এগিয়ে আসছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ। সংস্থাটির
মহাকাশযান হায়াবুসা-২ বর্তমানে গ্রহাণুটির দিকে যাত্রা করছে।

এর আগে হায়াবুসা-২ রিউগু নামের একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছিল। ২০১৯ সালে পৃথিবীর
কাছ দিয়ে যাওয়ার সময় সেই নমুনা পৃথিবীতে পাঠায় মহাকাশযানটি। এরপর এটিকে নতুন অভিযানে
পাঠানোর পরিকল্পনা করা হয়।

নতুন অভিযানের লক্ষ্য ১৯৯৮ কেওয়াই২৬। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের জুলাইয়ের দিকে 
হায়াবুসা-২ গ্রহাণুটির কাছে পৌঁছাবে। সেখানে গিয়ে এর গঠন, তাপমাত্রা ও অস্বাভাবিক গতির
কারণ অনুসন্ধান করবে।

মহাকাশযানটি কাছাকাছি পৌঁছালেই গ্রহাণুটির বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ততদিন
পর্যন্ত এর অস্বাভাবিক গতি বিজ্ঞানীদের কাছে এক রহস্য হয়েই থাকবে।
