# ‘রকস্টার’-এর গান পছন্দ না হওয়ায় ৮ মাস পারিশ্রমিক পাননি রহমান

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%be/
- Published: ২০২৬-১১-২৯T১৩:২৮:০৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রকস্টার’-এর সংগীত পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন অস্কারজয়ী
সংগীত পরিচালক এ আর রহমান। তবে সিনেমাটির গান নিয়ে প্রযোজকের আপত্তি ছিল।

এ কারণে মুক্তির পর টানা আট মাস পারিশ্রমিক পাননি তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন 
অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই সংগীত পরিচালক।
 দেহরাদুন সাহিত্য উৎসবে চলচ্চিত্র নির্মাতা
ইমতিয়াজ আলীর সঙ্গে আলোচনায় অংশ নেন এ আর রহমান। সেখানেই ‘রকস্টার’ সিনেমায় কাজের অভিজ্ঞতা
তুলে ধরেন তিনি।

রহমান জানান, সিনেমাটির প্রযোজক তার সংগীত পছন্দ করেননি। এ কারণে তাকে পারিশ্রমিক দেওয়া
হয়নি প্রায় আট মাস। রহমানের ভাষায়, ‘প্রযোজক পুরো ‘রকস্টার’ সিনেমার জন্য আমাকে পারিশ্রমিক
দেননি। তিনি বলেছিলেন, ‘আমার গান পছন্দ হয়নি।’”
 এই সময়েও নিজের দলের সংগীতশিল্পীদের
পারিশ্রমিক এবং যাতায়াতের খরচ নিজেই বহন করেছেন বলে জানান রহমান। এমনকি বিষয়টি পরিচালক
ইমতিয়াজ আলীকেও জানাননি তিনি। রহমান বলেন, ‘এই সিনেমার জন্য যে আমি এক পয়সাও পাইনি,
তা আলীকে বলিনি।’

সিনেমা মুক্তির আট মাস পর অবশেষে পারিশ্রমিকের চেক হাতে পান এই সংগীত পরিচালক। রহমানের
পারিশ্রমিক আটকে থাকার বিষয়টি জানতেন না পরিচালক ইমতিয়াজ আলী।

বরং শুরুতে রহমান সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন কি না, তা নিয়েই সংশয়ে ছিলেন তিনি।

ইমতিয়াজের ধারণা হয়েছিল, রহমান হয়তো সরাসরি না বলতে পারছেন না। কারণ, এরই মধ্যে সিনেমাটির
দুটি গানে কাজ করেছিলেন রহমান এবং আরো তিনটি গানের ভাবনা তৈরি করেছিলেন।

পরে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে সিনেমার শুটিংয়ের স্থান দেখতে গিয়ে বিষয়টি
পরিষ্কার হয়। ‘রকস্টার’ সিনেমায় এই দরগাহের দৃশ্য ছিল। সেখানে রহমানের একটি গান তৈরির
খবর শুনে ইমতিয়াজ নিশ্চিত হন, সংগীত পরিচালক সিনেমাটিতে কাজ করছেন।

পরে রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সিনেমাটির জন্য ইতিমধ্যে তিনটি গান তৈরি
করেছেন।

**‘রকস্টার’-এর জনপ্রিয় গান**

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার সংগীত পরিচালনা করেন এ আর রহমান। সিনেমাটির‘
সাড্ডা হাক’, ‘কুন ফায়া কুন’, ‘নাদান পারিন্দে’, ‘তুম হো’, ‘জো ভি ম্যায়’ ও ‘ফির সে
উড় চলা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে গানগুলো শ্রোতাদের কাছে এখনো সমানভাবে
পরিচিত।

ইমতিয়াজ আলীর সঙ্গে পরে ‘হাইওয়ে’, ‘তামাশা’ ও ‘আমার সিং চামকিলা’ সিনেমাতেও কাজ করেছেন
রহমান। তাদের নতুন কাজ ‘ম্যায় ভাপাস আউঙ্গা’।
