# যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে ইরান: চীনকে আব্বাস আরাগচি

- Link: https://znews.news/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7/
- Published: ২০২৬-০৫-০৬T১৫:৪৯:৪৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন,  যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য
ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে ইরান।

বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান
তুলে ধরেন। চলমান সংঘাত শুরুর পর এটিই আরাগচির প্রথম চীন সফর।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে আরাগচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন,
ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু
মেনে নেবে না।

চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান
ও সহযোগিতার জন্য ইরান কৃতজ্ঞ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও
জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, বৈঠকে চীন যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর জোর দিয়েছে।
