# যাদের সালাম দেওয়া অনুচিত

- Link: https://znews.news/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১৭T১৫:৩৯:০৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধর্ম। মুসলমানদের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ
জাগ্রত করার অন্যতম মাধ্যম সালাম। সালাম শুধু সৌজন্য বিনিময়ের মাধ্যম নয়; বরং এটি এক
মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের প্রার্থনা। 
তবে কিছু ব্যক্তিকে এবং কয়েকটি পরিস্থিতিতে ইসলাম সালাম বিনিময় করতে নিষেধ করে, নিরুৎসাহ
করে।
 সালাম দেওয়ার বিধান

**সালামের সাধারণ বিধান তিনটি। তা হলো—**

**১. সালাম দেওয়া সুন্নত :** ইসলামের দৃষ্টিতে সালাম একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের
অধিকারভুক্ত।

এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নত। মহানবী (সা.) বলেন,‘
তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা
পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব, যা
করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন কোরো।’(
সহিহ মুসলিম, হাদিস : ৫৪)

**২. সালামের উত্তর দেওয়া ওয়াজিব :** কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহ
তাআলা বলেন, ‘তোমাদের যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার থেকে উত্তম প্রত্যাভিবাদন 
করবে অথবা তারই অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।’ (সুরা : নিসা,
আয়াত : ৮৬) এই আয়াতে আল্লাহ আদেশসূচক শব্দ দ্বারা সালামের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন,
যা ওয়াজিব হওয়ার প্রমাণ।

**৩. উত্তম উত্তর দেওয়া মুস্তাহাব :** সালামের উত্তম জবাব দেওয়া মুস্তাহাব। উত্তম জবাব
হলো তাতে প্রার্থনামূলক অতিরিক্ত শব্দ যোগ করা। যেমন কেউ আসসালামু আলাইকুম বললে ওয়া
আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলা। (বাহরুর রায়িক)

সাধারণ অবস্থায় একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে এটাই শরিয়তের বিধান। তবে বিশেষ
ব্যক্তিকে বিশেষ পরিস্থিতিতে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হয়। যেমন—

**১. অমুসলিমদের সালাম দেওয়া :** সাধারণ অবস্থায় অমুসলিমদের প্রথমে ইসলামী পদ্ধতির 
সালাম দেওয়া নিষেধ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা ইহুদি ও খ্রিস্টানদের প্রথমে সালাম
দেবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২১৬৭)তবে ফকিহ আলেমরা বলেন, প্রয়োজন বা বিশেষ কল্যাণের
উদ্দেশ্য থাকলে অমুসলিমকে সালাম দেওয়ার অবকাশ আছে। যেমন—তার ইসলাম গ্রহণের আশা করা 
বা তার হৃদয় আকৃষ্ট করার উদ্দেশ্য, অন্যথায় ইসলামী সালাম দিয়ে অভিবাদন জানানো মাকরুহে
তাহরিমি। অমুসলিম সালাম দিলে উত্তরে শুধু ওয়া আলাইকা (তোমার ওপরও) বলা হবে। (দুররুল
মুখতার : ৬/৪১২)

**২. প্রকাশ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তি :** যে ব্যক্তি প্রকাশ্যে পাপাচার করে এবং নিজের
পাপের ব্যাপারে নির্লজ্জ, তাকে সালাম দেওয়া মাকরুহ। এর উদ্দেশ্য হলো পাপাচারের প্রতি
অসন্তুষ্টি প্রকাশ করা এবং তাকে পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করা। তবে গোপনে পাপে লিপ্ত
ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ নয়। ইবনে আবিদিন (রহ.) বলেন, ‘প্রকাশ্যে পাপাচারে লিপ্ত
ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ; পাপ কাজ প্রকাশ্যে না করলে সালাম দেওয়া মাকরুহ নয়।’ (
রদ্দুল মুহতার : ৬/৪১৫)

উল্লিখিত বিধান অনুসারে প্রকাশ্যে মদপানকারী, জুয়াড়ি, পরনিন্দাকারী ও অন্যায় কাজে লিপ্ত
ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

**৩. নামাজরত ব্যক্তি :** নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কারণ তিনি নামাজে 
ব্যস্ত এবং তার সালামের জবাব দেওয়ার সুযোগ নেই। কেউ তাকে সালাম দিলেও তার জবাব দেওয়া
আবশ্যক নয়।

ইমাম জাইলায়ি (রহ.) বলেন, নামাজরত ব্যক্তি, কোরআন তিলাওয়াতকারী, বিচারকার্যে বসা ব্যক্তি
এবং ফিকহি আলোচনা বা গবেষণায় মগ্ন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। তাদের সালাম দেওয়া
হলে জবাব দেওয়া আবশ্যক নয়। কারণ সালামটি যথাস্থানে দেওয়া হয়নি।’ (তাবয়িনুল হাকায়িক :
১/১৫৭)

**৪. খাবার গ্রহণে ব্যস্ত ব্যক্তি :** যে ব্যক্তি মুখে লোকমা দিয়ে চিবোচ্ছে, তাকে সালাম
দেওয়া মাকরুহ। কারণ এ অবস্থায় তার পক্ষে যথাযথভাবে সালামের জবাব দেওয়া সম্ভব নয়। তবে
খাওয়া শুরু করার আগে কিংবা শেষ করার পর সালাম দিতে বাধা নেই। খাবারের টেবিলে বসে আছেন,
কিন্তু মুখে খাবার নেই এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ নয়। আল্লামা ইবনুল আবিদিন (
রহ.) বলেন, জবাব দিতে অক্ষম ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। অক্ষমতা প্রকৃত হতে পারে;
যেমন—খাবার গ্রহণ বা বমি করছে এমন ব্যক্তি। অথবা শরয়ি কারণে অক্ষম হতে পারে। যেমন নামাজ
ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত ব্যক্তি। (রদ্দুল মুহতার : ১/৬১৭)

**৫. কোরআন তিলাওয়াতকারী :** কোরআন তিলাওয়াত, আজান ও ইকামত প্রদান, জুমার খুতবা প্রদান
ও শ্রবণ অথবা আল্লাহর জিকির ও মোরাকাবা ইত্যাদি ইবাদতে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া
অনুচিত। কেননা এতে তাদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন,‘
নামাজরত ব্যক্তি, কোরআন তিলাওয়াতকারী, জিকিরকারী এবং বিচারকার্যে বসা ব্যক্তিকে সালাম
দেওয়া মাকরুহ।’ (আল-বিনায়া শরহুল হিদায়া : ২/৪৪২)

**৬. দ্বিনি ইলম ও কাজে ব্যস্ত ব্যক্তি :** গুরুত্বপূর্ণ দ্বিনি কাজে ব্যস্ত ব্যক্তিকে
এবং যারা ধর্মীয় জ্ঞান চর্চায় মগ্ন তাদের সালাম দেওয়া উচিত নয়। ফাতাওয়ায়ে আলমগিরিতে
বলা হয়েছে, ‘উচ্চৈঃস্বরে কোরআন তিলাওয়াতের সময়, ইলমের আলোচনা চলাকালে, আজান ও ইকামতের
সময় সালাম দেওয়া মাকরুহ। বিশুদ্ধ মত হলো, এসব অবস্থায় ব্যক্তি সালামের জবাব দেবে না।(
ফাতাওয়ায়ে আলমগিরি : ৫/৩২৫)

**৭. মন্দ পেশায় নিয়োজিত ব্যক্তি** : যারা পাপ ও অর্থহীন কাজকে নিজেদের পেশা হিসেবে
গ্রহণ করেছে তাদেরও সালাম দেওয়া উচিত নয়। যেমন—মিথ্যাবাদী দালাল, মিথ্যা কৌতুককারী,
জুয়া খেলার আয়োজক, অশ্লীল নাচ-গানে আত্মনিয়োগকারী ব্যক্তি। আল্লামা ইবনুল আবিদিন (রহ.)
লেখেন, ‘মিথ্যাবাদী রসিক ব্যক্তি, অনর্থক কাজে লিপ্ত ব্যক্তি, মানুষকে গালাগালকারী,
পরনারীর প্রতি কুদৃষ্টিদানকারী, প্রকাশ্যে পাপাচারী, গান-বাজনায় লিপ্ত ব্যক্তি এবং 
কবুতর উড়িয়ে সময় কাটানো ব্যক্তিদের তাওবা প্রমাণিত না হওয়া পর্যন্ত সালাম দেওয়া উচিত
নয়।’ (রদ্দুল মুহতার : ৬/৪১৫)

**মিশ্র সমাবেশে সালামের বিধান**

কোনো সমাবেশে মুসলিম ও অমুসলিম, পুণ্যবান ও পাপাচারী উভয় শ্রেণির মানুষ উপস্থিত থাকলে
তাদের সালাম দেওয়া নিষিদ্ধ নয়। তবে সালামের নিয়ত মুসলমান ও নেককার ব্যক্তিদের উদ্দেশ্যে
হওয়া উচিত। উসামা বিন জায়েদ (রা.) থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসের বর্ণনা থেকে জানা যায়,
রাসুলুল্লাহ (সা.) এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেখানে মুসলমান, মুশরিক ও ইহুদিরা
উপস্থিত ছিল। তিনি তাদের সালাম দিলেন। (সহিহ বুখারি, হাদিস : ৬২৫৪)

আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন।
