# মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf/
- Published: ২০২৬-০৯-১০T১২:৫৭:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় বৃহস্পতিবার(
১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করেছে।

এদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির
উদ্দিনের নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের
এ তথ্য জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭
সেপ্টেম্বর। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ
তারিখ ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

গত ২০ আগাস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের
সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ নিলে ওই আসনটি শূন্য ঘোষণা করে
সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাহার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত
হইবার যোগ্য হইবেন না, এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে
তাহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাহার আসন শূন্য হইবে।

সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক, সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে
উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
