# মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d/
- Published: ২০২৬-১১-১৯T১৫:১০:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
করেছে দুর্বৃত্তরা। একই সময়ে গোড়াই হাটুভাঙ্গা ফ্লাইওভারের নিচে ও আশপাশে পরপর কয়েকটি
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন, মাসুদ আলীসহ একাধিক ব্যক্তি জানান, বুধবার রাত আনুমানিক
সাড়ে ১১টার দিকে গোড়াই হাইওয়ে থানার পাশে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে
নির্মিত স্মৃতিস্তম্ভে প্রথমে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর কয়েক মিনিট পর গোড়াই 
হাটুভাঙ্গা ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। এ ঘটনার পর
গোড়াই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়নি। তবে ২০২৪
সালের জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গোড়াই হাইওয়ে থানা পুড়িয়ে
দেওয়া হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর
পেয়ে থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক,
গোড়াই শিল্পাঞ্চল ও মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ
কাজ করছে।
