# মানিকগঞ্জে গরুর ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%8b/
- Published: ২০২৬-০৫-২১T১২:৩৯:১৪+০৬:০০
- Author: znews

**মানিকগঞ্জ ****প্রতিনিধি: **

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন
নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায়
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের
নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের
সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল
একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে
তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে
ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয়
লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা
আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি
জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
