# মানিকগঞ্জে গভীর রাতে উপজেলা ভূমি অফিসের ফটকে আগুন

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-২২T১৮:১৩:৩২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মানিকগঞ্জের দৌলতপুরে ভূমি অফিসের ফটকের সামনে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে
এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত 
করে বলেন, উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে সামান্য আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই
তা নিভে যায়। বিষয়টি নিরাপত্তাকর্মী মানু তাৎক্ষণিকভাবে তাকে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন
স্থানে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে আগুন দেওয়ার
ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, উপজেলা 
ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়ে সাংবাদিকের কাছ থেকেই প্রথম শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে
খোঁজ নেওয়া হবে।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী বলেন, দৌলতপুর উপজেলা ভূমি
অফিসে অগ্নিকাণ্ডের বিষয়টি তাকে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে।

এরআগে, একই রাতে সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় আওয়ামী
লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
