# ‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6/
- Published: ২০২৬-১১-১৯T১২:৩৯:২১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বলিউডে সহকর্মীদের উপহার দিয়ে চমকে দেওয়ার জন্য পরিচিত সালমান খান। এবার নিজের নতুন
সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ
উপহারের আয়োজন করলেন তিনি।

সিনেমাটির প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনার কথা বলে ডেকে তাদের হাতে তুলে দিলেন দামি 
সুইস ঘড়ি।
 গত ১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের ফার্মহাউসে সিনেমাটির টিমের সদস্যদের
আমন্ত্রণ জানান সালমান। এর দুই দিন আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির ট্রেলার। সেখানে 
প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা থাকলেও উপস্থিত সবাইকে চমকে দেন অভিনেতা।প্রত্যেকের
হাতে নিজেই একটি করে ঘড়ি তুলে দেন তিনি।

মিড-ডের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, সালমান ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটির
দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ থেকে ৬ লাখ রুপি। কাপুর ওয়াচ কোম্পানির মাধ্যমে সংগ্রহ
করা এসব ঘড়ির মধ্যে পুরুষ সদস্যদের দেওয়া হয়েছে লংজিনস ও ট্যাগ হয়ার ব্র্যান্ডের ঘড়ি।
নারী সদস্যদের জন্য ছিল রাডোর ঘড়ি।

সেদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা
সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ ও তানিয়া দেশাই। এ ছাড়া সংলাপ লেখক চিন্তন শাহও 
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েকজন অতিথিও
নিজেদের ছবি প্রকাশ করেছেন।

সালমান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ একটি যুদ্ধভিত্তিক সিনেমা। সালমান খান 
ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। শুরুতে সিনেমাটির 
নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরে নাম পরিবর্তন করা হয়।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সালমান জানান, সিনেমাটি কোনো জীবনীভিত্তিক বা চীনবিরোধী
ছবি নয়। বরং সীমান্তের দুই পাশের সেনাসদস্য ও তাদের পরিবারের জীবন এবং যুদ্ধের প্রভাব
তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটির মুক্তি পেছানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। চিত্রাঙ্গদার
আঘাতের কারণে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টের কাজ তাড়াহুড়া
না করে ভালোভাবে শেষ করতে বাড়তি সময় নিয়েছে টিম।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি’র।
