# মহাকাশে গতি বাড়ছে রহস্যময় এক গ্রহাণুর

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/
- Published: ২০২৬-১১-২১T১৩:৪২:২২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

মহাকাশে অধিকাংশ গ্রহাণুর আচরণ বেশ অনুমানযোগ্য। এগুলো মহাকর্ষ বা সূর্যের বিকিরণ চাপের
মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে ১৯৯৮ কেওয়াই২৬-এর ক্ষেত্রে
বিষয়টি ভিন্ন। এটি এমনভাবে গতি বাড়িয়ে চলেছে, যা একটি সুশৃঙ্খল গ্রহাণুর প্রত্যাশিত
আচরণের সঙ্গে মিলছে না। এর সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়।
এটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন
পথে চলছে।

গ্রহাণুটির পৃষ্ঠ ও অভ্যন্তরের তাপমাত্রার একটি কৃত্রিম মডেল তৈরি করেছেন জর্জিয়া ইনস্টিটিউট
অব টেকনোলজির মহাকাশ প্রকৌশলী করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি। সম্প্রতি ইকারাস
সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ১৯৫৮ কেওয়াই২৬-এ পানি বাষ্পীভবনের
হার বরফ ধরে রাখার জন্য অনেক বেশি।

মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু।
গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ
করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল
ছাড়া সামান্য বাড়তি গতি পায়। ধূমকেতুর কথা বলা হলে আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে 
ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে। তবে সব ধূমকেতু একরকম
হয় না। ডার্ক কমেট বা গাঢ় ধূমকেতুর ক্ষেত্রে তাদের ধূমকেতুসুলভ কার্যকলাপ দৃশ্যমান 
হয় না। সাধারণ ধূমকেতুর মতো সেগুলো গ্যাস নির্গমন করলেও দৃশ্যমান লেজ থাকে না। ফলে
এগুলোকে দেখতে অনেকটা সাধারণ গ্রহাণুর মতোই লাগে।

ছোট এই গ্রহাণু প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার নিজের অক্ষের ওপর ঘুরছে। তাই ধারণা করা
হচ্ছে, ১৯৯৮ কেওয়াই২৬ গ্রহাণুটি গাঢ় ধূমকেতুও হতে পারে। ধূমকেতুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য
হলো এর বরফযুক্ত গঠন। দীর্ঘ সময় ধরে সুপ্ত বরফ টিকে থাকার জন্য তাপমাত্রাকে প্রায় ১৪৫
কেলভিন বা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হয়।

গবেষকরা দেখেছেন, কেওয়াই২৬-এর সবচেয়ে ঠান্ডা অঞ্চলগুলোরও সূর্যের চারপাশে প্রদক্ষিণ
করার সময় সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ২১২ কেলভিন বা মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস হয়ে 
থাকে। মানুষের জন্য এটি অত্যন্ত ঠান্ডা হলেও ধূমকেতুর বরফ টিকে থাকার পক্ষে অনেক বেশি
উষ্ণ। গবেষকরা হিসাব করে দেখেছেন, এই তাপমাত্রায় যদি কেওয়াই২৬-এর ভরের ১ শতাংশ জলের
বরফ হতো, তবে তা মাত্র ২ হাজার বছরের সামান্য বেশি সময়ে গলে যেত।

কেওয়াই২৬ গ্রহাণুকে শতকোটি বছরের পুরোনো বলে দাবি করা হলেও এটি কত বছর ধরে বর্তমান 
কক্ষপথে রয়েছে, তা স্পষ্ট নয়। তাই এতে বরফ থাকার সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া
যায় না। তবে কেওয়াই২৬ গ্রহাণুকে সোজা পথ থেকে ছিটকে দেওয়ার পেছনে সূর্যের বিকিরণ চাপের
কথাও বিবেচনা করা হচ্ছে। এর ফলে গ্রহাণুটির এই অদ্ভুত আচরণের জন্য সূর্যালোকও দায়ী 
হতে পারে।

জাপানের মহাকাশ সংস্থার পাঠানো হায়াবুসা২ মহাকাশযান ইতোমধ্যে কেওয়াই২৬ গ্রহাণুর দিকে
এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালের জুলাইয়ে এটি গ্রহাণুটির কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
