# ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af/
- Published: ২০২৬-০৫-০৪T১৩:৪৬:৪৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক:**

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 
তিন নারী নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে
বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময়
ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে
পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা 
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর
করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
