# ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

- Link: https://znews.news/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa/
- Published: ২০২৬-১১-১৫T১৭:৩৯:১২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে
পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ
প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত
সুযোগ নেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পুনর্বিচারের বিধানও বর্তমানে কার্যকর নেই।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার বিচার করার প্রক্রিয়াকে‘
ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের 
বিচারের বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘ভারতীয় বিচারব্যবস্থায় ডিনেবো ট্রায়ালের বিধান বাতিল করা হয়েছে। একইভাবে
আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও নেই। এখন যে দেশে তারা এই চর্চা করে 
না, তারা আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়? আমাদের এখানে ডিনেবো
ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।’

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, ভারত সরকার শুরু থেকেই শেখ হাসিনার
বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত। তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। বিচারপ্রক্রিয়া
শুরুর সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে বা যথাসময়ে আপিল
করতে পরামর্শ দেয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে
যান, গিয়ে বিচার মোকাবিলা করেন। কিংবা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন।
তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। এখন এসে আবার আমাদের পরামর্শ
করছেন যে আপনি ডিনেবো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।’

ভারতের এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার
আইনগত কোনো সুযোগ নেই। শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে 
পারবেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩-এর প্রসঙ্গ তুলে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী
লীগ সরকারই এ আইন প্রণয়ন করেছিল। ২০১০ সালে তাদের সরকার এ আইনের অধীনে বিচারপ্রক্রিয়া
পরিচালনার বিধিমালা তৈরি করে। ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনালের
কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ীই
বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে
কোনো সুযোগ না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর কারও পক্ষে তা দেওয়ার
এখতিয়ার নেই।
