# ভাবিনি কোনো দিন তার সঙ্গে একই মঞ্চে দাঁড়াব : তারিক আনাম খান

- Link: https://znews.news/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/
- Published: ২০২৬-১১-২৩T১৪:১০:২৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

ছয় দশকের সংগীতজীবন। অথচ কণ্ঠে এখনো সেই মাধুর্য, পরিবেশনায় প্রাণবন্ত উপস্থিতি। উপমহাদেশের
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার এমনই এক অনবদ্য পরিবেশনার সাক্ষী হলেন অভিনেতা তারিক
আনাম খান। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা, গান শোনা, এমনকি তার কাছ
থেকে নাচ শেখার অভিজ্ঞতা—সব মিলিয়ে গত শুক্রবারের সন্ধ্যাটি অভিনেতার কাছে হয়ে উঠেছে
বিশেষ স্মৃতি।
 রুনা লায়লার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে
তুলে ধরেছেন তারিক আনাম খান। শুধু গানের জন্যই নয়, শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধিরও
যে মুগ্ধভক্ত তিনি, সেটিও জানিয়েছেন অভিনেতা।

সোমবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তারিক আনাম লেখেন, গত শুক্রবার জীবনের একটি 
স্মরণীয় সন্ধ্যা কাটালাম। ভাবিনি কোনো দিন তার সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে
প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স
অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি।

অনুষ্ঠানের আগে সে কথা বলেছিলাম তাকে। বলেছিলাম, আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই
মঞ্চে।
 সেই সন্ধ্যায় রুনা লায়লার গান ও জীবনের নানা গল্প শোনার পাশাপাশি তার রসবোধেও
মুগ্ধ হয়েছেন তারিক আনাম। এমনকি মঞ্চে তাকে নাচও শিখিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। সে
অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা লেখেন, তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা
শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন।

রুনা লায়লার সংগীতপ্রতিভা ও প্রাণশক্তির প্রশংসা করে পোস্টের শেষাংশে তারিক আনাম লেখেন,
গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে
চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম
রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনই করে।

প্রিয় শিল্পীর ছয় দশকের সংগীতযাত্রা উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন
তারিক আনাম।
