# ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পেশাদারির সঙ্গে কাজ করতে হবে : আইজিপি

- Link: https://znews.news/%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7/
- Published: ২০২৬-০৭-১৬T১৭:৩৭:৪৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ , ঢাকা :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে
বলেছেন, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা
নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা,
স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান,
দক্ষতা ও পেশাদারির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে
৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মৌলিক প্রশিক্ষণ
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহি
নিশ্চিত করা।

অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ
করতে হবে।

সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা
সজাগ থাকতে হবে। তিনি দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা বিশেষ করে সাইবার অপরাধ মোকাবেলায়
প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তি
নির্ভর বিভিন্ন অপরাধ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে
দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাদের 
সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল।

তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশ সেবার মহান
ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী
পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,
সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের
অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
