# ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-2/
- Published: ২০২৬-০৭-১২T১৯:৫৩:৩৩+০৬:০০
- Author: znews

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয়
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১২ জুলাই ২০২৬) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত 
হয়। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে জানাজা হয় জাতীয় সংসদের মূল ভবনের
প্রবেশ টানেলে।

জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে
পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়
সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো.
নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল 
এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে
সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব
ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয়
নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
করা হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা স্মৃতিচারণমূলক
বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের
রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আজ রবিবার ভোরে (১২ জুলাই ২০২৬) ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল 
করেন।▫️
