# ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf/
- Published: ২০২৬-০৬-০৭T১৩:৪৮:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতেও স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব
নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সুশাসন
নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সংস্কার কমিশন গঠন করবে সরকার।

রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও
গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা
রেখেছে। ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জনসচেতনতা 
তৈরিতে অবদান রেখেছে। এ অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। অতীতে
ভুল পরিসংখ্যান ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক চিত্র বিকৃত করা হয়েছে।
অর্থনীতির টেকসই বিকাশের স্বার্থে জবাবদিহিতামূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর
গুরুত্বা দিতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতের সুশাসনের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে
জড়িত। তাই এ খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেসব ব্যাংক সুশাসন ও জবাবদিহিতা
নিশ্চিত করতে পেরেছে, তারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।
