# বৃহস্পতিবার শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, নিয়মে কড়াকড়ি

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a7%ab%e0%a7%a6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf/
- Published: ২০২৬-০৪-০৭T১৪:০৪:০৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়) সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ
করেছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এ পরীক্ষা 
শুরু হতে যাচ্ছে। ৭ মে পর্যন্ত চলা এ পরীক্ষার জন্য এবার কড়া নিয়ম জারি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির
তথ্যমতে, ৯ এপ্রিল বাংলা প্রথমপত্র, ১২ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্র, ১৬ এপ্রিল ইংরেজি,
১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক
যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। প্রতিটি
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হব।

**বিশেষ** **নির্দেশনা** **জারি**

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ,
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের হলে প্রবেশ করতে হবে। এরপর হলের গেট বন্ধ করে
দেওয়া হবে। কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ
করা হয়েছে ৫০ শতাংশ। আর কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরের সঙ্গে 
যোগ হবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর (সাধারণ
ক্যালকুলেটর ছাড়া), ব্যাগ, বই এবং ব্যাংক কার্ডসহ সব ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ
সম্পূর্ণ নিষিদ্ধ। হলের গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে।

পরীক্ষা চলাকালে কারও কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ 
ব্যবস্থা নেওয়া হবে। তবে পদ-সংশ্লিষ্ট কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে সায়েন্টিফিক নন-
প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, প্রতিটি পরীক্ষার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষার্থীদের
কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে এবং কোনো প্রকার আবরণ রাখা যাবে না। তবে শ্রুতিলেখক প্রয়োজন
এমন প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
