# বৃষ্টিতে খাবার তালিকায় রাখুন আচারি খিচুড়ি

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-০৪-২৯T১৪:৫০:৪৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, জানালার কাঁচে জমে থাকা জলকণা-এমন সময় মনটা নিজেই খুঁজে
নেয় আরামদায়ক, গরম গরম কিছু খাবার। ঠিক তখনই মনে পড়ে যায় আচারি খিচুড়ির কথা।

মশলার ঝাঁঝ, আচারি স্বাদের টান আর নরম ভাত-ডালের মিশ্রণে তৈরি এই খাবার যেন বৃষ্টির
দিনের জন্যই তৈরি। একদিকে পেট ভরানো, অন্যদিকে মন ভালো করার ক্ষমতা সব মিলিয়ে বৃষ্টিভেজা
দুপুরে পাতে আচারি খিচুড়ি মানেই এক অনন্য স্বাদ-অনুভূতি। রইলো রেসিপি-

উপকরণ

কাটারিভোগ চাল ২ কাপ

পাঁচমিশালী ডাল ১ কাপ

আচার ১/৪ কাপ

আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

ঘি – ১/২ কাপ

তেল ২ টেবিল চামচ

এলাচ ৩-৪টি

দারুচিনি মাঝারি সাইজের ২ টুকরো

তেজপাতা ২টি

পেঁয়াজ কুচি ২টি

কাঁচামরিচ ১০-১২টি (পছন্দমতো)

লবণ স্বাদমতো

পানি পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

মজাদার এই খিচুড়ি রান্নায় নেই কোনো বাড়তি ঝামেলা। প্রথমেই চাল-ডাল ভালোভাবে ধুয়ে পানি
ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মসলা ভেজে নিন। এরপর ভাজা মসলায়
চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। তারপর তাতে কিছু কাঁচামরিচ ও পরিমাণমতো পানি 
দিয়ে রান্না করুন।

চাল-ডাল সিদ্ধ হয়ে এলে তাতে আচার মিশিয়ে দিন। সবশেষে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট
ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের আচারি খিচুড়ি। এবার প্রিয়জনদের সঙ্গে
নিয়ে উপভোগ করুন বৃষ্টি আর আচারি খিচুড়ি।
