# বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-১২T১০:৪৬:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া।
এখনো দেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দিনে ৭৩ শিশুর মৃত্যু হয়। সেই হিসেবে প্রতি বছর 
মৃত্যু হয় ২৬ হাজার ৭৬৬ শিশুর। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস)
এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের গবেষণায়
এমন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুমৃত্যুর প্রধান
কারণ নিউমোনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কাভারেজের মাধ্যমে শক্ত ইমিউনিটি তৈরি করতে
পারলে নিউমোনিয়ার সংক্রমণ থেকে আমাদের শিশুরাও বাঁচতে পারবে। অপুষ্টি, বায়ুদূষণ ও শিশুর
কম ওজন নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। শিশুকে ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ায় আক্রান্তের
ঝুঁকি ২৩ শতাংশ কমে যায়।

গত মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতালের ৭ তলায় নিউমোনিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায়, নিউমোনিয়ার
সঙ্গে অন্যান্য জটিলতা নিয়ে সারা দেশ থেকে আসা ভর্তি শিশুদের করুণ চিত্র—প্রতি নিঃশ্বাসে
ছোট্ট বুকের ভেতর থেকে বেড়িয়ে আসছে ঘরঘর শব্দ, তার সঙ্গে বুক-পাঁজর ওঠানামা করছে, নাকের
ছোট্ট ছিদ্র দিয়ে অক্সিজেনের নল ঢোকানো। চিকিত্সার খরচ চালাতে গিয়ে নিঃস্ব অভিভাবকদের
উদ্বিগ্ন মুখ।

বিশেষজ্ঞরা বলেছেন, এ বছর নিউমোনিয়ায় শিশুমৃত্যু অন্য বছরের তুলনায় অনেক বেশি। কারণ
হিসেবে বলেন, হামে আক্রান্ত শিশুদের বেশির ভাগের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তারা বলছেন,
বাংলাদেশে এখনো পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর ১ নম্বর কারণ নিউমোনিয়া। আমাদের দেশে যত
শিশু মারা যায় তার এক-তৃতীয়াংশ মারা যায় নিউমোনিয়ায়। বাকি দুই-তৃতীয়াংশ মারা যায় অন্যান্য
রোগে। নিউমোনিয়ার জাতীয় তথ্যে দেখা যায় ৯০-এর দশকে লক্ষাধিক শিশু নিউমোনিয়ায় মারা যেত।
দেশে নিউমোনিয়ার টিকা শুরু হওয়ার ফলে মাঝখানে নিউমোনিয়া অনেক কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি
এটা আবার সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। চিকিত্সকরা জানান, আমরা জটিল নিউমোনিয়া রোগী বেশি
পাচ্ছি। এর কারণ হিসেবে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলছেন। তাদের দাবি,
হাসপাতালে এমন বেশকিছু রোগী আসে, যাদের জন্য ডাক্তারদের বেশি কিছু করার থাকে না। নিউমোনিয়া
রোগীর চিকিত্সা শুরুর দ্রুততার ওপর সুস্থ হওয়া নির্ভর করে বলেও জানান চিকিত্সকরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য বলছে, চলতি বছর ১০ নভেম্বর পর্যন্ত হাসপাতালের
বহিঃ বিভাগে নিউমোনিয়ার চিকিত্সা নিয়েছে ৭৯ হাজার ৮৮৪ শিশু। আর হাসপাতালে ভর্তি থেকে
চিকিত্সা নিয়েছে ২ হাজার ২৯৮ শিশু। এর আগের বছর ২০২৫ সালে বহিঃ বিভাগে চিকিত্সা নিয়েছে
৭৭ হাজার ৮৬ শিশু। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নিয়েছে ২ হাজার ৬৩১ শিশু। ২০২৪ 
সালে বহিঃ বিভাগে চিকিত্সা নেয় ৭৩ হাজার ৫১২ জন। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেয়
৪ হাজার ২৬০ জন। চলতি বছর নিউমোনিয়ার সঙ্গে অন্য জটিলতা নিয়ে মৃত্যু হয় ৯১ শিশু এবং
নভেম্বরের ১০ দিনে মৃত্যু হয় ২৫ জনের।

এমন পরিস্থিতিতে আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬’।
প্রতি বছর ১২ নভেস্বর বিশ্বব্যাপী নিউমোনিয়া প্রতিরোধে দ্রুত শনাক্তকরণ এবং চিকিত্সা
সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত
হয়েছে ‘এ নিউ এরা অব নিউমোনিয়া কন্ট্রোল’, বাংলায় ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন
যুগ’। দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
২০০৯ সাল থেকে বিশ্ব জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক 
ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত রোগ। এতে শ্বাস-প্রশ্বাসে
কষ্ট হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ধুলাবালিসহ বিভিন্ন কারণে ফুসফুসে ইনফেকশন 
হয়। নিউমোনিয়ার লক্ষণগুলো হলো বাচ্চার কাশি থাকবে, নাক দিয়ে পানি পরবে, শ্বাসকষ্ট হবে,
শিশুর শ্বাস-প্রশ্বাসের সঙ্গে বুক ছাতার নিচে ওঠানামা করবে এবং বুকের ভেতরে এক ধরনের
শব্দ শোনা যাবে। নিউমোনিয়া প্রতিরোধে এই চিকিত্সক জানান, শিশুকে ছয় মাস পর্যন্ত বুকের
দুধ খাওয়াতে হবে। সময়ের আগে জন্ম নেওয়া অথবা অল্প ওজনের শিশুদের ইমিউন সিস্টেম দুর্বল
থাকার কারণে ঐসব শিশু নিউমোনিয়া আক্রান্ত হয় বেশি। এছাড়া যেসব শিশুর টিকা নিশ্চিত করা
যায় না এবং অপরিচ্ছন্ন থাকে, সেসব শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। শিশু এবং বড়দের
মধ্যে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এছাড়া যাদের 
কিডনি রোগ আছে, ডায়াবেটিক, লিভার রোগে ভুগছে, তারা নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে থাকে।

বাচ্চাকে কখন হাসপাতালে নিতে হবে

নিউমোনিয়ায় আক্রান্ত সব বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাতে হয় না। বাচ্চার যদি শ্বাস-প্রশ্বাস
বেড়ে যায়, শিশু যদি খেতে না পারে, বা যা খাচ্ছে, তাই বমি করে দিচ্ছে এবং জ্বর বেড়ে 
গিয়ে খিঁচুনি শুরু হয়েছে এবং কোনো কারণে বাচ্চা নেতিয়ে পড়েছে—তাহলে সেই বাচ্চাগুলোকে
হাসপাতালে নিতে হবে, চিকিত্সক দেখে সিদ্ধান্ত নিবেন—বাচ্চার হাসপাতালে ভর্তি লাগবে 
কি না। বাবা-মায়ের করণীয় বিষয়ে জানান, সুতির শুকনা টুকরো কাপড় সঙ্গে রাখতে হবে। প্রতি
ঘণ্টায় বা দুই ঘণ্টা পরপর কাপড় দিয়ে শিশুর মাথার পেছন, পিঠ ও বুক মুছে দিতে হবে। তাহলেই
শিশুর ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগার আশঙ্কা থাকবে না। বাবা-মাকে সচেতন থাকতে হবে। নিউমোনিয়া
কেবল জীবাণু থেকে হয় না, ঠান্ডার চিকিত্সা ঠিকভাবে করা না হলে কফ বুকে জমে গিয়ে বাচ্চার
শ্বাসকষ্ট শুরু হয়।

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার নিমোকক্কাস ভ্যাকসিন
দিচ্ছে, এ কারণে নিউমোনিয়া কিছুটা প্রতিরোধ করা যাচ্ছে। তার পরও নিউমোনিয়াতে মৃত্যুর
হার অনেক বেশি। এ বছর হামের কারণে নিউমোনিয়া আরো বেড়েছে। সে কারণে এ বছর নিউমোনিয়ায়
মৃত্যু বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, বছর জুড়ে নিউমোনিয়ার রোগী পাওয়া যায়, তবে ঋতু 
পরিবর্তনের সময় নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। ভাইরাল নিউমোনিয়া শীতকালে বাড়ে। ব্যাকটেরিয়া
দ্বারা আক্রান্ত নিউমোনিয়ার কোনো সিজন নেই। তবে এ নিয়ে আমাদের দেশে তেমন কোনো ডাটা 
নেই।
