# বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/
- Published: ২০২৬-১১-২২T১৭:৪৬:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‌‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কোনো
অভাব নেই, রিচার্সের বাজেটে কোনো অভাব নেই, কীভাবে নেবেন, কীভাবে কাজ করবেন, আপনারা
আইডেন্টিফাই করুন। আমি শুধু এটুকুই বলব, বেকারত্বের কারখানা (বিশ্ববিদ্যালয়কে) বানানো
যাবে না।’

তিনি বলেন, ‘আর এমন কোনো বিভাগ খুলবেন না এখন, যেগুলো আগে এনাফ খোলা হয়েছে, শিক্ষক 
রাজনীতির জন্য খোলা হয়েছে, ছাত্র রাজনীতির জন্য খোলা হয়েছে। এমন কোনো বিভাগ খুলবেন 
না, যে বিভাগের প্রয়োজন নেই। ইউজিসিকে বারবার বলছি, এমন কোনো বিভাগ খোলার অনুমোদন দেবেন
না, যেগুলো বর্তমান বাজারে দরকার নেই।’

রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড
ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন:
সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধু শিক্ষার্থীদের
ইন্টার্নশিপের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিক্ষকদেরও শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার
বাস্তব চাহিদা, দক্ষতার ঘাটতি ও কাজের ধরন সম্পর্কে জানতে হবে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে
গবেষণা ও পাঠ্যক্রম সাজাতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও শিল্প খাতের সঙ্গে
সরাসরি সম্পৃক্ত করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে তোলার
ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিল্প খাতকে কী দিতে পারবে এবং শিল্পপ্রতিষ্ঠান
বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কী সুবিধা পাবে, তা বিবেচনায় নিতে হবে। উভয় পক্ষের সহযোগিতার
মাধ্যমেই কার্যকর অংশীদারত্ব তৈরি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির
পরিবর্তনকে শুধু কর্মসংস্থানের হুমকি হিসেবে দেখলে চলবে না। আশির দশকে কম্পিউটার ও 
মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রযুক্তির
বিকাশ নতুন কর্মক্ষেত্র ও সম্ভাবনার জন্ম দিয়েছে। এআইয়ের ক্ষেত্রেও পরিবর্তনের সঙ্গে
খাপ খাইয়ে নেয়ার প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর
সক্ষমতা তৈরি করতে হবে।

দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক
শিক্ষার্থী বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না। আগামী
৫ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কতসংখ্যক কর্মসংস্থান
উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে, তার সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। এ ধরনের
পরিকল্পনা তৈরিতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণা জরুরি। কিন্তু প্রয়োজনীয় তথ্য না
পাওয়ায় অনেক ক্ষেত্রে গবেষণা ও নীতিনির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস
সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী 
এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী
কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য
দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-
শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা 
অংশ নেন।
