# বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8-2/
- Published: ২০২৬-১১-১৭T১০:১৬:২৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বাড়তে থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি
তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সরবরাহ
উদ্বৃত্তের পূর্বাভাসও দামের ওপর চাপ তৈরি করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স। আগের
দিন সোমবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি
৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট(
ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে
নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ও মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি 
বাড়তে থাকায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে বাজারে তেলের ঘাটতির আশঙ্কা কিছুটা
কমেছে। তবে উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও জ্বালানি অবকাঠামোয় হামলার ঝুঁকি এখনো রয়েছে।

এদিকে গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে আইইএ জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে
বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী,
এ সময়ে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার
চেয়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি।

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত বাড়তে থাকায় সরবরাহের এই উদ্বৃত্ত তৈরি হতে পারে
বলে জানিয়েছে সংস্থাটি।
