# বিমানবন্দরের দেয়াল ঘেঁষে গ্রেনেড, নিরাপত্তা জোরদার

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%98%e0%a7%87%e0%a6%81%e0%a6%b7/
- Published: ২০২৬-১১-১৪T১৭:৪৭:০২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি সংলগ্ন স্থানে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড
উদ্ধারের ঘটনায় নগরীতে গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরে প্রবেশমুখের ডানদিকে ফুলগাছের মধ্যে একজন
পথচারী গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পেয়ে আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (
এএসআই) পলাশকে ফোন করে বিষয়টি জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি
রবিউল ইসলামকে ঘটনাটি বলেন। নিরাপত্তার প্রয়োজনে সঙ্গে সঙ্গে শাহমখদুম বিমানবন্দরের
প্রধান প্রবেশ ফটকটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড 
গ্রেনেড উদ্ধার করে। এ সময় বিমানবন্দরের ভেতরে অবস্থানকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে
পড়ে।

এদিকে এই ঘটনার কয়েক মিনিট আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান 
মাহমুদ টুকু ও তার সফরসঙ্গী কর্মকর্তারা বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীর শাহমখদুম
বিমানবন্দরে অবতরণ করেন। কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের
নিরাপদে বিমানবন্দর থেকে বাইরে নেওয়া হয়। ওইদিন বিকালে বোমা নিষ্ক্রিয়করণ টিম রাজশাহীর
পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে নিয়ে উদ্ধারকৃত দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করে। বোমা
নিষ্ক্রিয়করণ টিম পরে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

এদিকে বিমানবন্দরের মতো কেপিআই বা স্পর্শকাতর স্থাপনা এলাকায় গ্রেনেডের মতো বিধ্বংসী
অস্ত্র উদ্ধারের ঘটনার চারদিন পরও পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। গ্রেনেডগুলো
বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলবাগানে কারা রেখেছিল, তাও শনাক্ত হয়নি। সর্বশেষ রাজশাহী-
নওগাঁ মহাসড়ক সংলগ্ন অকুস্থলটির আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার খোঁজ করছে
পুলিশ।

তবে ঘটনাস্থলটি রাজশাহী মহানগরীতে প্রবেশের অন্যতম দ্বার হলেও জায়গাটি সিসিটিভির আওতায়
ছিল না বলে জানা গেছে। বিমানবন্দরের পার্শ্ববর্তী ব্যস্ত মহাসড়কটি দিয়ে দিনরাত বিপুলসংখ্যক
যানবাহন চলাচল করে থাকে। এই সুযোগে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য কেউ গ্রেনেডগুলো বিমানবন্দরের
দেয়ালের বাইরে ফুলগাছের ভেতরে রেখেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন রাতে বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ
হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যদিও
এই মামলায় কাউকে আসামি করা হয়নি।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অজ্ঞাত। মামলাটি তদন্ত করছেন আরএমপির এয়ারপোর্ট থানার উপপরিদর্শক(
এসআই) মাহফুজুল ইসলাম। তিনি গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তের অগ্রগতি বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন নিরাপত্তা
কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলগাছের মধ্যে। বিমানবন্দরের
পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীতে ছোটখাটো কিছু দোকান আছে। সেগুলোতে কোনো সিসিটিভি 
ক্যামেরা নেই। আবার বিমানবন্দরের ভেতরে সিকিউরিটি তল্লাশি ফটকের ওপরে সিসি ক্যামেরা
থাকলেও সেটি থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না। ঘটনাটি স্পর্শকাতর
বিধায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পেলে বোঝা যাবে 
গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা কতটা ছিল। আমরা সবদিক খতিয়ে দেখছি।

অন্যদিকে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক পদমর্যাদার) যোগেশ চন্দ্র
সরকার জানান, বিমানবন্দরের বহিরাঙ্গন তথা সন্নিহিত এলাকার সার্বিক নিরাপত্তায় আর্মড
পুলিশ বা এপিবিএনের সদস্যরা সবসময় নিয়োজিত থাকেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়াল ঘেঁষে
ফুলবাগান রয়েছে। গ্রেনেড দুটি ফুলগাছের ভেতরে কে বা কারা রেখেছিল, পুলিশ তদন্ত করে 
নিশ্চয়ই বের করবে বলে আশা করছি। বিমানবন্দর ঘিরে কোনো মহলের বড় কোনো নাশকতার ছক ছিল
কিনা, তদন্ত শেষে হয়তো জানা যাবে। ঘটনার পর থেকে বিমানবন্দরের বাইরে ও ভেতরের নিরাপত্তা
আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল
কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো কিছু লেখা বা মার্কার
ছিল না। ফলে বোঝা যাচ্ছে না সেগুলো কোন দেশের তৈরি। তদন্ত চলছে এবং জানার চেষ্টা করা
হচ্ছে কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড রাখা হয়েছিল। বিভিন্নভাবে
ঘটনাটি তদন্ত হচ্ছে।

পাশাপাশি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থায় যাতে কোনো ত্রুটি
না থাকে, সেটি খুঁজে দেখা হচ্ছে। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নগরীর বিভিন্ন
প্রবেশদ্বার এবং জনাকীর্ণ চলাচলের পথগুলোতে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের
কাজ চলছে। আশা করি, এতে আগামীতে নগরীতে অপরাধী শনাক্ত ও অপরাধ প্রতিরোধ সহজ হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও রাজশাহী
মহানগরীর অধিকাংশ সড়ক, ইন্টারসেকশন ও প্রবেশদ্বারে চার শতাধিক সিসি ক্যামেরা স্থাপন
করা হয়েছিল। ছিল উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবল। সাইবার সেন্টার থেকে
চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করা হতো গোটা নগরীর পথঘাটসহ গুরুত্বপূর্ণ সব এলাকা। কিন্তু
প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং জুলাই গণআন্দোলনের সময় আরএমপির অধিকাংশ থানা আক্রান্ত
হয়। পাশাপাশি সড়কে ও মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়।
রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে পুনরায় নগরীজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান 
রয়েছে।
