# বিজয় দিবসে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6/
- Published: ২০২৬-১১-১৬T১৪:০৫:১৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব
অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা
গড়ে তোলা হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা 
নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক
সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের
গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ
ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-
বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত
ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তাব্যবস্থা জোরদারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথগুলোতে পর্যাপ্তসংখ্যক
সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
এবং সংশ্লিষ্ট পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে সার্বক্ষণিক নজরদারি
নিশ্চিত করা যায়।

এ ছাড়া বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি
প্রতিরোধে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) অন্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থাকার 
এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ
প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ 
দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

বিজয় দিবসে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের
আশপাশের এলাকায় সুষ্ঠু যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে 
প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণ গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক
মো. আলী হোসেন ফকির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং
বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
