# বাজার মূলধন বাড়লো আরও ৭ হাজার কোটি টাকা

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%ad-%e0%a6%b9/
- Published: ২০২৬-০৭-১৮T১২:৪০:১৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই 
ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। এতে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি
প্রতিষ্ঠান। ফলে বেড়েছে মূল্যসূচক। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাত হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এতে
তিন সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বাড়লো ১৮ হাজার কোটি টাকার ওপরে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির শেয়ার ও ইউনিটের স্থান
হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও 
ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার
৮৮৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। 
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা। আগের দুই সপ্তাহে
বাজার মূলধন বাড়ে ১১ হাজার ৩০৮ কোটি টাকা। এতে তিন সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বাড়লো
১৮ হাজার ৩৫৭ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকেরও উত্থান হয়েছে। ডিএসইর প্রধান
মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৯৬ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। আগের
সপ্তাহে সূচকটি বাড়ে ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ। তার আগের সপ্তাহে
বাড়ে ৯১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ তিন সপ্তাহের ডিএসইর প্রধান
মূল্যসূচক বেড়েছে ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্
সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ। আগের সপ্তাহে সূচটি
বাড়ে ২০ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ২৫ দশমিক ২৮ পয়েন্ট
বা ২ দশমিক ২১ শতাংশ।

আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৪৯ দশমিক
৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক
৭৫ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে
গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন 
হয় ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৯০ কোটি
৯৯ লাখ টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার।
কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৩ লাখ টাকা, যা মোট লেনদেনের
৩ দশমিক শূন্য ২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন
হয়েছে ৩৮ কোটি ২৯ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪৭ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয়
স্থানে রয়েছে বাংলাদেশি শিপিং কর্পোরেশন।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম,
সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং মেঘনা
ইন্স্যুরেন্স।
