# বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-2/
- Published: ২০২৬-০৮-৩০T১২:৪৭:৫৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ ঢাকা:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার
বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী
তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে
আরও সুদৃঢ় করেছে।

গতকাল শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’
শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। দুই দেশের মধ্যকার
এ সম্পর্ক আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে মালয়েশিয়া সরকারের প্রতি
বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান বাংলাদেশ ও মালয়েশিয়ার
দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক
মালয়েশিয়া সফরের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে
নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(
এফবিসিসিআই) অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
