# বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা করলেন শ্রীলঙ্কার কোচ

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%95/
- Published: ২০২৬-১১-১১T১২:১৩:৫৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে 
এক চোট রসবোধ আর খোঁচায় মেতে উঠলেন শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কুয়েতি কোচ আবদুল্লাহ
আল মুতাইরি। বাংলাদেশের সাংবাদিকদের কৌতূহল ও ভেতরের তথ্য ফাঁসের প্রবণতা বোঝাতে গিয়ে
নিজের মুখপাতলা স্ত্রীর পরিবারের সঙ্গে এ দেশের সংবাদমাধ্যমের সরাসরি তুলনা টেনেছেন
তিনি।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এসে সাংবাদিকদের মাত্র
তিনটি প্রশ্ন করার শর্ত দেন মুতাইরি। তবে সেই তিন প্রশ্নের উত্তর দিতে গিয়েই টানা ১২
মিনিট ধরে কখনো খোঁচা, কখনো তীব্র রসিকতা এবং কখনো দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে সিরিয়াস
বক্তব্য দেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা কিংবা টমাস ডুলির বাংলাদেশ
দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে বাংলাদেশের সংবাদমাধ্যমকেই তির্যক বাক্যবাণে
বিদ্ধ করেন শ্রীলঙ্কার কোচ।

নিজের পারিবারিক জীবনের উদাহরণের সঙ্গে তুলনা করে মুতাইরি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে
বলি কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তার অর্থ দাঁড়ায় তার পরিবারের সবাই সেই কথা জেনে
যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও ঠিক সে রকম; এখানে কোনো কিছুই গোপন থাকে না।’

তথ্য ফাঁসের এই প্রবণতা নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ দলের অভ্যন্তরীণ বিষয়ের দিকে ইঙ্গিত
করে তিনি দাবি করেন, ‘আমি যদি মনস্তাত্ত্বিক খেলা খেলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি
করতে চাইতাম, তবে তাদের কোচের সেই বক্তব্যই সামনে আনতে পারতাম—যেখানে তিনি দাবি করেছিলেন
হামজা চৌধুরী অধিনায়ক হওয়ার মতো চাপ সামলাতে পারেন না। তিনি কি এমন কথা বলেননি? চারবার
বলেছেন। আমার কাছে প্রতিটি বক্তব্যের স্ক্রিনশট পর্যন্ত রয়েছে। তবে আমি সেসব ইস্যু 
ব্যবহার করতে চাই না।’

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা বহুল আলোচিত ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা এবং ‘নাগিন নাচ’-এর
প্রসঙ্গ উঠলে ক্রিকেটের সেই আগ্রাসী শরীরী ভাষা ফুটবলে টেনে আনার ঘোর বিরোধিতা করেন
মুতাইরি। তিনি জানান, খেলা শেষে প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে অসম্মানজনক উদ্‌যাপনের কোনো
মানে হয় না। জয়-পরাজয়ের চেয়ে প্রতিপক্ষকে সম্মান জানানোই ফুটবলের মূল সৌন্দর্য। তবে
রসবোধ ধরে রেখে তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবলের কাজ ভালোবাসা ছড়ানো।
তবে একটা কথা বলে রাখি—কাল যদি আমরা জিতে যাই, আমি কিন্তু অক্ষয় কুমারের মতো নাচতে 
পারি। সুতরাং সাবধান থাকবেন!’

গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় ছাড়া শ্রীলঙ্কার সামনে কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি 
বলেন, ‘ফুটবলে আমার একমাত্র দর্শন হলো—জয় ছিনিয়ে নাও, নয়তো ছিটকে যাও।’ তবে হামজা চৌধুরী
ও ফারহান আলীদের মতো মানসম্পন্ন খেলোয়াড় থাকায় বাংলাদেশ দল যথেষ্ট শক্তিশালী এবং এ 
ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে বলেও অকপটে
স্বীকার করেন তিনি।

প্রবাসী বা অন্য দেশে বেড়ে ওঠা ফুটবলারদের ‘বিদেশি’ তকমা দেওয়ার মানসিকতা প্রত্যাখ্যান
করে মুতাইরি বলেন, হামজা বাংলাদেশে আসার পর বিমানবন্দরে যে জনজোয়ার তৈরি হয়েছিল, তা
গোটা এশিয়ার জন্যই গর্বের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর লক্ষ্য কেবল সাফে সীমাবদ্ধ না রেখে
এশিয়ান কাপে খেলার বড় স্বপ্ন দেখার তাগিদ দেন তিনি। একই সঙ্গে বহির্বিশ্বে দক্ষিণ এশিয়ার
মানুষকে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে খাটো করে দেখার যেকোনো প্রয়াসের বিরুদ্ধে 
নিজের চরম ক্ষোভের কথা জানিয়ে বলেন, এই অঞ্চলের মেধা ও সামর্থ্য কোনো অংশেই কম নয়।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকেরা বাড়তি প্রশ্ন করার চেষ্টা করতেই ফের পারিবারিক রসিকতায়
ফিরে গিয়ে মুতাইরি হাসতে হাসতে বলেন, ‘২১ বছরের সংসার আমার। বেশি দেরি হলে যদি ডিভোর্স
হয়ে যায়, তখন কী করব? আপনারা কি চান আমার সংসার ভেঙে যাক?’ এমন নানা খুনসুটির মধ্য 
দিয়ে কথা শেষ করলেও মাঠের লড়াইয়ে ছাড় না দেওয়ার স্পষ্ট বার্তাই দিয়ে গেলেন লঙ্কান কোচ।
