# বয়স বাড়ার সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/
- Published: ২০২৬-১১-১০T১৪:৩১:৫১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় তাঁর ছাপ পড়বে এটাই স্বাভাবিক। তবে তারকাদের ক্ষেত্রে
বয়সের ছাপ যেন দৃশ্যমান না হয়, এমন প্রত্যাশা বরাবরই বেশি। বিশেষ করে বলিউডে তারুণ্য
ধরে রাখতে বোটক্স, ফিলারসহ নানা প্রসাধনী চিকিৎসার ব্যবহার নিয়ে আলোচনা রয়েছে। পর্দায়
তরুণ দেখানোর পাশাপাশি বাস্তব জীবনেও তারুণ্য ধরে রাখার এক ধরনের চাপ কাজ করে অনেক 
অভিনেত্রীর মধ্যে।

সামাজিক মাধ্যমের যুগে সেই চাপ আরও বেড়েছে। তারকাদের চেহারার সামান্য পরিবর্তন নিয়েও
চলে আলোচনা, কখনও কখনও সমালোচনাও। তবে এই প্রবণতার সঙ্গে একমত নন অভিনেত্রী কারিনা 
কাপুর খান। বয়স লুকানোর প্রতিযোগিতায় না নেমে শরীর ও মনের সুস্থতাকেই নিজের কাছে বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার
নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র এক আলাপচারিতায় কারিনাকে বোটক্স ও কসমেটিক
প্রসিডিউর নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘আমি বোটক্সের ঘোর বিরোধী।
আমি নিজের যত্ন নেওয়ার পক্ষে, তবে সেটি হতে হবে স্বাস্থ্যকর উপায়ে। সুস্থ থাকা এবং 
প্রাকৃতিক পদ্ধতিতে নিজের যত্ন নেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

কারিনার কাছে নিজের যত্ন নেওয়া মানে শুধু ত্বকের পরিচর্যা কিংবা শরীরের সৌন্দর্য ধরে
রাখা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক প্রশান্তি, নিজের প্রতিভাকে বিকশিত করা এবং কাজের
বাইরেও একটি পরিপূর্ণ জীবন উপভোগ করা। তাঁর মতে, সুস্থ শরীর ও মন ধরে রাখার গুরুত্ব
ইনজেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে তারুণ্য ধরে রাখার চেয়ে অনেক বেশি।

সৌন্দর্যচর্চা নিয়ে কারিনার এই অবস্থানের পেছনে রয়েছে বয়সকে স্বাভাবিকভাবে গ্রহণ করার
মানসিকতা। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও জীবনকে দেখার
দৃষ্টিভঙ্গিও বদলায়। সেই পরিবর্তনকে অস্বীকার করার প্রয়োজন নেই, বরং জীবনের প্রতিটি
পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ রয়েছে। বিশেষ করে অভিনয়শিল্পীদের ক্ষেত্রে
বয়স কখনও কখনও নতুন ধরনের চরিত্র ও অভিজ্ঞতার দরজা খুলে দেয়। তাই শুধু চেহারার তারুণ্য
ধরে রাখার চেষ্টায় ব্যস্ত না থেকে নিজের কাজ ও ব্যক্তিত্বের বিকাশে মনোযোগী হওয়াকে 
গুরুত্ব দেন তিনি।

সেই কথোপকথনে তরুণীদের বয়স নিয়ে বাড়তি উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন কারিনা। কারিনা মনে
করেন, অনেক তরুণীই যেন ১৮ কিংবা ২০ বছরের বেশি বয়সী দেখাতে চান না। বিষয়টিকে উদ্বেগজনক
মনে করেন তিনি।

নিজের বয়সের প্রসঙ্গ টেনে কারিনা বলেন, চল্লিশের ঘরে তার জীবনের সবচেয়ে উপভোগ্য সময়।
এই সময়ে এসে নিজেকে আগের চেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে আরও পরিণত
মনে হচ্ছে তাঁর। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে, বেড়েছে আত্মবিশ্বাসও।

নিজের বয়সের প্রসঙ্গ টেনে কারিনা বলেন, চল্লিশের ঘরে তার জীবনের সবচেয়ে উপভোগ্য সময়।
এই সময়ে এসে নিজেকে আগের চেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে আরও পরিণত
মনে হচ্ছে তার।

৪৬ বছর বয়সী কারিনা কাপুরের অভিনয়জীবন প্রায় আড়াই দশকের। ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব
উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বজরঙ্গি ভাইজান’সহ নানা ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় 
করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের ধরন ও চরিত্র নির্বাচনে পরিবর্তন
এনেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পৃথ্বীরাজ
সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
