# ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের লক্ষ্য সরকারের

- Link: https://znews.news/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-১৫T১৩:২১:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

আসন্ন গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি
মাসের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে 
রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিদ্যুৎ
বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সভায় বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট,
গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে
সাধারণ মানুষ, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি
মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব
দিয়েছে।

সচিব জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নবায়নযোগ্য
জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সরকার কৌশলপত্র প্রণয়ন করেছে। দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার
পাশাপাশি আসন্ন গ্রীষ্মের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ারে লভ্যাংশের নামে উপহাস

দেশের সৌরবিদ্যুতের সম্ভাবনার চিত্র তুলে ধরে মিরানা মাহরুখ বলেন, সারা দেশের প্রায়
১ কোটি ৬৩ লাখ ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর অর্ধেক ছাদ অনুপযুক্ত হলেও অবশিষ্ট ছাদগুলো থেকে প্রায় ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদনের সুযোগ রয়েছে। জমির স্বল্পতা বিবেচনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অত্যন্ত সময়োপযোগী
উদ্যোগ। একটি উপযুক্ত ছাদে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করা
সম্ভব।

সৌরবিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, যে কোনো উদ্যোগে
কিছু ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে জেলা
ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট
ব্যক্তিদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য
হারে কমেছে উল্লেখ করে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ 
করার আহ্বান জানান।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম, নর্দান ইলেকট্রিসিটি
সাপ্লাই কোম্পানির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব
সাইফুল ইসলাম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান,
সংশ্লিষ্ট অংশীজন ও সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১৩০ জন উপস্থিত
ছিলেন। সভায় রুফটপ সোলার স্থাপনের বর্তমান অগ্রগতি, সম্ভাবনাময় ছাদ চিহ্নিতকরণ, বিনিয়োগ
ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
