# ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/
- Published: ২০২৬-১১-১৬T১৬:১০:১০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের
মধ্যে নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি
বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কারণে মোট দেশজ উৎপাদনের(
জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন
ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। মুখস্থনির্ভর 
শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ভবিষ্যতের চ্যালেঞ্জ
মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে সম্ভব সবকিছু করা 
হচ্ছে। আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি
শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই
বিতরণ করা হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। 
তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে
বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন,
ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
