# প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/
- Published: ২০২৬-১১-২৬T১১:৫৫:১৫+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং তিনদিনের প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার
মাঠে তিনি এ আয়োজন উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি অনুষ্ঠানস্থলে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও
প্রদর্শনীরও উদ্বোধন করেছেন।”

এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩
ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের
স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

এবারের মেলায় ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার
পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির
মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য 
দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত
সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার
হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজামান খান।
