# প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%8d/
- Published: ২০২৬-০৩-১৬T১২:৩২:৩৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা।

ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন 
হয়েছে। সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

আবদুস সালাম বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন।
যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করব ঈদগাহে। এ ছাড়া পর্যাপ্ত
ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে।

সবার জন্য অজুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ
টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের
জন্য আনন্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের 
নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানান তিনি।
