# প্রত্যাখ্যান পেরিয়ে বিশ্বজয় রুনা লায়লার, কিংবদন্তি গায়িকার জন্মদিন আজ

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/
- Published: ২০২৬-১১-১৭T১৫:৩৫:৩২+০৬:০০
- Author: znews

**জেড নিউ্জ ডেস্ক : **

খ্যাতির শিখরে পৌঁছানোর পথটা কখনোই মসৃণ ছিল না। যে শিল্পী একসময় পাকিস্তানের সংগীতাঙ্গনে
দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, বাংলাদেশে ফিরে তাকেই পড়তে হয়েছিল পেশাগত বয়কটের মুখে।

সহশিল্পীরা তার সঙ্গে একই মঞ্চে উঠতে চাইতেন না, স্টুডিওতে একসঙ্গে গান গাইতেও ছিল 
অনীহা। এমনকি ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও সামলাতে হয়েছে একাই। কিন্তু কোনো বাধাই আটকে
রাখতে পারেনি তার কণ্ঠের জাদু। সব প্রতিকূলতা পেরিয়ে নিজের প্রতিভা আর শ্রোতাদের ভালোবাসায়
হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী।

তিনি রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে 
সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি 
কর্মকর্তা।

মা আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। বাবার চাকরির সুবাদে শৈশবেই পরিবারের সঙ্গে পাকিস্তানের
করাচিতে চলে যান তিনি। সেখানেই শুরু হয় সংগীতের সঙ্গে তার পথচলা। মাত্র ছয় বছর বয়সে
গানের তালিম নেওয়া শুরু করেন। নয় বছর বয়সে আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়ে 
নিজের প্রতিভার জানান দেন।

এরপর মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার সংগীতজগতে
অভিষেক হয় তার।
 ষাটের দশকের শেষ দিকে পাকিস্তানের সংগীতাঙ্গনে দ্রুত পরিচিতি পেতে 
শুরু করেন রুনা। বিশেষ করে উর্দু গানে তার অসাধারণ কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করে। টেলিভিশন
অনুষ্ঠান উপস্থাপনা থেকে চলচ্চিত্রের গান—বিভিন্ন মাধ্যমে তৈরি হয় তার আলাদা অবস্থান।
অল্প বয়সেই হয়ে ওঠেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন।

কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে বদলে যায় পরিস্থিতি। সত্তরের দশকের মাঝামাঝি দেশে
ফেরার পর পেশাগতভাবে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন তিনি। এক সাক্ষাৎকারে রুনা নিজেই
জানিয়েছিলেন, সে সময় অনেক শিল্পী তার সঙ্গে গান গাইতে চাইতেন না। একই মঞ্চে দাঁড়ানো
কিংবা স্টুডিওতে একসঙ্গে কাজ করতেও অনীহা দেখাতেন অনেকে। কেন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি
হতে হয়েছিল, সেই প্রশ্নও ছিল তার মনে। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও নেমে আসে কঠিন সময়।
বোনের ক্যান্সারের মতো দুঃসহ পরিস্থিতিও সামলাতে হয়েছে তাকে।

তবে এসব প্রতিকূলতা তার সংগীতযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সহশিল্পীদের অনীহা কিংবা
পেশাগত বয়কটের বিপরীতে শ্রোতাদের ভালোবাসাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। বাংলা গানের
পাশাপাশি হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি ও সিন্ধিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে ছড়িয়ে
পড়েছে তার খ্যাতি। বিশেষ করে ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি তাকে আন্তর্জাতিক শ্রোতাদের
কাছেও ব্যাপকভাবে পরিচিত করে তোলে।

দীর্ঘ সংগীতজীবনে ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। সংগীতে অসামান্য
অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
১৯৭৭ সালে অর্জন করেন একুশে পদক। পরবর্তী সময়ে তাকে দেওয়া হয় দেশের সর্বোচ্চ বেসামরিক
সম্মাননা স্বাধীনতা পুরস্কার।

পাঁচ দশকের বেশি সময়ের সংগীতযাত্রায় রুনা লায়লা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য 
উচ্চতায়। তার কণ্ঠে মুগ্ধ হয়েছে একাধিক প্রজন্ম। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, 
এসেছে নতুন নতুন শিল্পী; কিন্তু রুনা লায়লার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তার গান আজও সমানভাবে
জায়গা করে নেয় শ্রোতাদের হৃদয়ে।
