# প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8c%e0%a6%b6%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be/
- Published: ২০২৬-১১-২৫T১৬:২৭:৪৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত
করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বুধবার ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড
টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল
শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের
প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।
আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে 
কাজ করছি।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ
করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও
পড়তে আসবে।

তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে 
চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল 
আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটি’র কমান্ড্যান্ট
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।‌
