# পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ড

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-১৬T১০:১৬:২৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের
বৈঠক। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে 
সকাল ১১টায় শুরু হবে এই সভা।

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় দফার
বৈঠক এটি।

আগের বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও সময় চেয়েছিলেন 
মালিকপক্ষের প্রতিনিধিরা। সে হিসেবে, আজকের বৈঠকেই নিজেদের লিখিত মজুরি প্রস্তাবনা 
জমা দেওয়ার কথা রয়েছে মালিকপক্ষের।

এর আগে গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় 
সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিক পক্ষ।

তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে, অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান
মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড থেকে তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা
নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম 
মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
