# পৃথিবীর কক্ষপথে নতুন ‘ছোট চাঁদ’, বিদায় নেবে ডিসেম্বরে

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%8b/
- Published: ২০২৬-১১-২৩T১২:৫৯:১৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরছে নতুন এক ক্ষুদ্র গ্রহাণু। প্রায় দুই মিটার ব্যাসের
বস্তুটিকে ‘মিনি-মুন’ বা ছোট চাঁদ বলা হচ্ছে। বিজ্ঞানীদের হিসাবে, গত এপ্রিলে পৃথিবীর
মহাকর্ষের টানে আটকা পড়া গ্রহাণুটি ডিসেম্বরের শুরুতে আবার সূর্যকে কেন্দ্র করে নিজের
কক্ষপথে ফিরে যাবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গ্রহাণুটির নাম ‘2026 QQ8’।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার অক্টোবরের শেষ দিকে 
এই নাম দেয়। এটি এত ছোট ও অনুজ্জ্বল যে প্রথমে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেননি, বস্তুটি
প্রাকৃতিক গ্রহাণু নাকি অকেজো কৃত্রিম উপগ্রহের অংশ।

হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের গবেষক ক্রিস্তিয়ান সারনেচকি আগস্টে বস্তুটি প্রথম শনাক্ত
করেন। কয়েক সপ্তাহ ধরে সূর্যের আলোর প্রভাবে এর গতিপথের পরিবর্তন পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা
নিশ্চিত হন, এটি প্রাকৃতিক বস্তু। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও হাওয়াইয়ের দূরবীক্ষণ
যন্ত্রও এতে সহায়তা করে।

‘মিনি-মুন’ আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক নাম নয়। পৃথিবীর কাছে আসা কোনো গ্রহাণু কখনো
কখনো মহাকর্ষের প্রভাবে অল্প সময়ের জন্য পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। এর আগেও ‘2006 RH120’
প্রায় এক বছর এবং ‘2020 CD3’ প্রায় তিন বছর পৃথিবীর চারপাশে ছিল।

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানান, এমন ছোট বস্তুর অবস্থান শনাক্ত
করা কঠিন। কারণ, এগুলো আকারে ক্ষুদ্র, অনেক সময় দূরে থাকে এবং দ্রুত চলাচল করে। গ্রহাণুটির
পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই। পেইনের ভাষায়, বায়ুমণ্ডলে ঢুকলেও এটি ভেঙে যাবে। সর্বোচ্চ
আকাশে উজ্জ্বল আলোর ঝলক ও কিছুটা শব্দ হতে পারে।

বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি চলাচলকারী প্রায় ৪০ হাজার মহাজাগতিক বস্তু
শনাক্ত করেছেন। আর সৌরজগতে শনাক্ত হওয়া ছোট-বড় বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। চিলির ভেরা
সি রুবিন মানমন্দিরে ১০ বছরব্যাপী পর্যবেক্ষণ কর্মসূচি চলছে। এর মাধ্যমে সৌরজগতে শনাক্ত
বস্তুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করছেন গবেষকেরা।
